সাঁতরে পদ্মা পারের চেষ্টা, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
তিলকপুর এলাকায় কয়েকজন যুবক সোমবার পদ্মা নদী পার হওয়ার জন্য সাঁতার দেন; অন্যরা পার হলেও কামরুল নিখোঁজ হয়ে যান।
সাঁতরে পদ্মা নদীর পার হওয়ার সময় নিখোঁজ যুবকের মরদেহ পাওয়া গেছে নাটোরের লালপুরে।
মঙ্গলবার দুপুরে লালপুর উপজেলার নবীনগর এলাকায় লাশটি পাওয়া যায় বালে পুলিশ জানিয়েছে।
কামরুল হাসান রানা (৪২) নামের এক যুবক পাবনার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর গ্রামের আব্দুল আজিজ রান্টুর ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, সোমবার তিলকপুর এলাকায় পদ্মা নদী পার হওয়ার জন্য দুই-তিন জন ঝাঁপ দেন। অন্যরা সাঁতরে পার হলেও কামরুল হাসান রানা নিখোঁজ হন। মঙ্গলবার দুপুরে এলাকাবাসী তার লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।
নদীতে ডুবে যাওয়ার পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ওসি।
