লক্ষ্মীপুরে ফসলি জমির ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানের সময় ভাটার মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
লক্ষ্মীপুর সদর উপজেলায় ফসলি জমি সংলগ্ন একটি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।
গত রোববার অভিযানে নেমে পূর্ব দিঘলী এলাকার মেসার্স ভাই ভাই ব্রিকস নামের ভাটা চিমনি গুঁড়িয়ে দেওয়া হয় বলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মকবুল হোসেন জানান।
এর আগে গত ১৪ এপ্রিল ‘লক্ষ্মীপুরে ফসলি জমির ইট ভাটায় পুড়ছে কৃষকের স্বপ্ন’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশিত হয়।
অনুমোদনহীন ওই ইট ভাটার সংবাদটি জেলা প্রশাসনের নজরে আসে।
মকবুল হোসেন বলেন, “অনুমোদন ছাড়া ফসলি জমিতে ইটভাটা পরিচালনা করায় সেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভাটার মালিক পালিয়েছেন।”
জানা গেছে, মেসার্স ভাই ভাই ব্রিকস নামের ওই ভাটা পরিচালনা করতেন লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মুজিব। তিনি পরিবেশবান্ধব চিমনির পরিবর্তে ‘ড্রাম চিমনি’ ব্যবহার করছেন ভাটায়। সেখানে অবৈধভাবে কাঠ পোড়ানো ও শিশু শ্রমের প্রমাণও মেলে।
এ ছাড়া ভাটায় ট্রাক্টর (পাওয়ার ট্রলি) দিয়ে আনা ফসলি জমির টপ সয়েল ব্যবহৃত হচ্ছিল। ট্রাক্টরের আনা-গোনায় গ্রামীণ কাঁচা-পাকা রাস্তাগুলোও নষ্ট হচ্ছে।
