জাহাঙ্গীরনগরে সমাবর্তনে উইকেন্ডের শিক্ষার্থীদের অংশগ্রহণ বন্ধের দাবি
দাবি না মানলে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন তারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উইকেন্ড প্রোগ্রামের শিক্ষার্থীদের ষষ্ঠ সমাবর্তন থেকে বাদ দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন করেন একদল শিক্ষার্থী।
মানববন্ধনে তারা আসন্ন সমাবর্তন থেকে উইকেন্ড প্রোগ্রামের শিক্ষার্থীদের বাদ দিতে এবং সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি কমানোর দাবি জানান।
দাবি মানা না হলে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন তারা।
এর আগে ২০ ডিসেম্বর আসন্ন সমাবর্তনে উইকেন্ড প্রোগ্রামের শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম।
গত ২৩ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আগামী ২৫ ফেব্রুয়ারি সমাবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক রহিমা কানিজ স্বাক্ষরিত সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করে এক বিজ্ঞপ্তি প্রকাশ পায়।
বিজ্ঞপ্তিতে সমাবর্তনের ফি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য (আলাদা) দুই হাজার ৫০০ টাকা, (একত্রে) চার হাজার টাকা, এমফিল শিক্ষার্থীদের জন্য ছয় হাজার টাকা, পিএইচ.ডি শিক্ষার্থীদের জন্য সাত হাজার টাকা এবং উইকেন্ড/ইভেনিং প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আট হাজার টাকা নির্ধারণ করা হয়।
এদিকে দুই দাবিতে মানববন্ধনে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, “উইকেন্ড কোর্স বন্ধের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। ইউজিসি উইকেন্ড কোর্স বন্ধের নোটিশ দিয়েছে কিন্তু আমরা দেখি, সেটা বন্ধ না করে বরং সমাবর্তন দেওয়ার মাধ্যমে সেটাকে বৈধকরণ করার পাঁয়তারা করছে প্রশাসন।”
“স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হওয়ার পরও প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়কে উদাহরণ হিসেবে ব্যবহার করে, কিন্তু ওই বিশ্ববিদ্যালয় শিক্ষক মূল্যায়ন পদ্ধতি, স্বাস্থ্য বিমা আছে, স্নাতকোত্তরে আসন ফাঁকা সাপেক্ষে শিক্ষার্থী নিচ্ছে; যা এই বিশ্ববিদ্যালয়ে নেই। এসব সিদ্ধান্ত এই কর্তৃপক্ষ নিতেও পারবে না। যেখানে টাকার সম্পর্ক সেখানেই এই কর্তৃপক্ষকে পাওয়া যায়।”
টাকার বিনিময়ে এভাবে সার্টিফিকেট দিলে এটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হবে আশংকা করে তিনি বলেন, “উইকেন্ড কোর্সের শিক্ষার্থীদের সমাবর্তন দেওয়ার মাধ্যমে এটা জায়েজ করা হলে বাকি বিভাগগুলোও এ কোর্স চালু করবে। বিশ্ববিদ্যালয় দিন শেষে প্রাইভেট জায়গায় পরিণত হবে। তারপরও প্রশাসন যদি তাদের সমাবর্তন দেওয়ার ধৃষ্টতা দেখায় তাহলে ২৫ তারিখে রাষ্ট্রপতিই হবেন আমাদের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমস্যার মিমাংসাকারী।”
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, “আমাদের এই বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ পাবলিকের টাকায় চলে। সেখানে কিছু মানুষ নিজেদের টাকার জোরে পড়াশোনা করতে আসে, একটা সার্টিফিকেট নিতে আসে; এটি রাষ্ট্রের জন্য, জনগণের জন্য অপমানের। এই অপমানের জায়গা থেকে আমরা উইকেন্ড কোর্সকে বৈধ ভাবতেই পারি না, সেখানে দীর্ঘ সাত বছর পর আসন্ন সমাবর্তনে ‘অবৈধ’ শিক্ষার্থীরা কীভাবে অংশ নেয়, এটা বোধগম্য নয়।”
সমাবর্তনের জন্য যে ফি নির্ধারণ করা হয়েছে তা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে কিনা প্রশ্ন রেখে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে কেমন পরিবারের শিক্ষার্থীরা পড়াশোনা করে এটা সবারই জানা। এত টাকা দিয়ে সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য দুঃস্বপ্ন।”
কর্তৃপক্ষ তাদের ‘মাস্তানি আর সন্ত্রাসী কর্মকাণ্ড’ বন্ধ না করলে নতুন করে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাংস্কৃতিক সম্পাদক আশফার রহমান নবীনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামি আল জাহিদ প্রীতম এবং ছাত্র ফ্রন্ট জাবি শাখার কর্মী শারমিন আক্তার।
