বাড়ি ফেরার পথে ‘দলবেঁধে ধর্ষণের’ শিকার নৃত্যশিল্পী, গ্রেপ্তার ৪
বুধবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এক নৃত্যশিল্পীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে; পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে।
বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে সোনারগাঁ থানার তালতলা বাজার তদন্তকেন্দ্রের পরিদর্শক জাকির রাব্বানী জানান।
গ্রেপ্তার আসামিরা হলেন- ইসরাফিল (৩৩), রুহুল আমিন (২০), বাবু (২৬) ও খোকন ওরফে আলম (২৬)। তারা সবাই উপজেলার একই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দুপুরে চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও বলেন, “তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক তিন জনকেও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।”
মামলার বরাতে পুলিশ জানায়, নৃত্যশিল্পী বুধবার রাতে একটি জন্মদিনের অনুষ্ঠানে দলগত নৃত্যে অংশ নেন। পরে রাত দেড়টার দিকে দলপ্রধানের সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে চার জন অস্ত্রের মুখে দলপ্রধানকে জিম্মি করে পাশের একটি নির্জন স্থানে তরুণীকে তুলে নিয়ে যায় এবং দলবেঁধে ধর্ষণ করে।
এ সময় পুলিশের একটি টহলদল সেদিক দিয়ে যাচ্ছিল। তখন নৃত্যশিল্পী ও দলপ্রধান বিষয়টি তাদের জানান। পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে বলে জানায় পুলিশ।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, “চার আসামির রিমান্ড শুনানি রোববার অনুষ্ঠিত হবে।”
