কোটালীপাড়ায় নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত
মেয়র পদে মতিয়ার রহমান হাজরা ছাড়া কেউ মনোনয়পত্র দাখিল করেনি।
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মতিয়ার রহমান হাজরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার জেলা নির্বাচন অফিসার ও কোটালীপাড়া পৌরসভা নির্বাচনের রির্টার্নিং অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লা এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা অনুসারে প্রার্থিতা প্রত্যাহারের পর মেয়র পদে কেবলমাত্র একজন হওয়ায় মতিয়ার রহমান হাজরাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।
কোটালীপাড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লা বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গত ১৯ ফেব্রুয়ারি মেয়র পদে মতিয়ার রহমান হাজরা একাই মনোনয়পত্র দাখিল করেন। ওই পদে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। যাচাই বাছাই শেষে তার মানোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
নির্বাচনের তফসিল অনুয়ায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিন পার হওয়ার পর বিধি মোতাবেক তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
