রাজবাড়ীতে ডাকাতি প্রস্তুতির সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৫
গ্রেপ্তারদের বিরুদ্ধে খুন, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।
রাজবাড়ীতে ডাকাতি প্রস্তুতির সময় অস্ত্র-গুলিসহ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টায় রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
গ্রেপ্তাররা হলো, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. রাহাদ বিশ্বাস ওরফে পিয়াল (২৬), মো. আরিফ মণ্ডল (২৯), আশরাফুল ইসলাম (২৫), রমজান আলী (২৪) ও আলীম শেখ (২৩)।
পুলিশ সুপার শাকিলুজ্জামান জানান, ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদর উপজেলার খানখানাপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, নয়টি গুলি, শর্টগানের কার্তুজ একটি, চায়নিজ কুড়াল একটি, দুইটি রামদা, একটি কুড়াল, দুইটি ছোরা, একটি চাকু উদ্ধার করা হয়।
এমএম শাকিলুজ্জামান আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে খুন, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, মো. রাহাদ বিশ্বাস ওরফে পিয়াল একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে খুন, ডাকাতিসহ প্রায় ১৫টি মামলা আছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রেজাউল করিম।
