২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2022, 08:39 PM

Updated : 12 Aug 2022, 08:39 PM

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে উপজেলার বাঁশাটি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ফুলপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান।

নিহতরা হলেন- উপজেলার ছনধরা ইউনিয়নের হযরত আলীর ছেলে মিজান মিয়া (২৭) এবং একই উপজেলার নগুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৭)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বাসটি ময়মনসিংহ থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। আর অটোরিকশাটি নকলা থেকে আসছিল। পথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিজান মারা যান।

গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জুলহাস উদ্দিন বলেন, মঞ্জুরুলের মরদেহ স্বজনরা নিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।