রোগীকে ধর্ষণের অভিযোগে সিলেট ওসমানী মেডিকেলের চিকিৎসক আটক
পুলিশ জানায়, ওই তরুণী ২০১৮ সাল থেকে রামেন্দ্র কুমারের কাছে চিকিৎসা নিচ্ছেন; স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে আটক করা হয়েছে তার কাছে চিকিৎসা নিতে আসা এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, রোববার রাতে সিলেটের ল্যাব এইড হাসপাতাল থেকে তাকে আটক করে পুলিশ।
আটক রামেন্দ্র কুমার সিংহ (আর কে এস রয়েল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও মনোরোগ বিভাগের প্রধান।
২২ বছর বয়সী ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উপকমিশনার আজবাহার বলেন, “রোববার সন্ধ্যায় মেয়েটি রামেন্দ্রর ল্যাব এইডের চেম্বারে গিয়ে হুলুস্থূল কাণ্ড শুরু করেন। এ সময় তিনি চিৎকার করে রামেন্দ্রকে বলতে থাকেন, আমাকে এই মুহুর্তে আপনার বিয়ে করতে হবে। আমার গর্ভে আপনার সন্তান।”
চিৎকার-চেঁচামেচি শুনে উৎসুক জনতা ভিড় করেন। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে বলে জানান তিনি।
এ পুলিশ কর্মকর্তা বলেন, ২০১৮ সাল থেকে রামেন্দ্র কুমারের কাছে মেয়েটি চিকিৎসা করাচ্ছেন। এক পর্যায়ে রামেন্দ্র মেয়েটির প্রতি আসক্ত হয়ে পড়েন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করেন।
“এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রামেন্দ্র তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে ভুক্তভোগী মেয়েটি অভিযোগ করেন।”
