কিশোরগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত
সন্ধ্যায় পাকুন্দিয়ার বরাটিয়া ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুই আরোহী।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বরাটিয়া ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান।
নিহতরা হলেন- উপজেলার পোড়াবাড়ীয়া এলাকার শহীদুল্লাহর ছেলে নাইম (২৮) এবং পাইক লক্ষ্মীয়া এলাকার আবুল কালামের ছেলে শরীফ (২২)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুর্ঘটনায় নাইম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শরীফ, তার বোন লিজা ও পোড়াবাড়িয়া গ্রামের আবু বকরের ছেলে ফাহিমকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পথেই শরীফের মৃত্যু হয়।
ওসি আসাদুজ্জামান টিটু বলেন, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
