২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের ইচ্ছাতে বেলায়েত পড়ছেন স্টেট ইউনিভার্সিটিতে

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও মায়ের আপত্তির কারণে সেখানে ভর্তি হননি।

মায়ের ইচ্ছাতে বেলায়েত পড়ছেন স্টেট ইউনিভার্সিটিতে

বেলায়েত শেখ এখন ঢাকার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্র

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2022, 10:41 PM

Updated : 03 Oct 2022, 11:04 PM

কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে আলোচনায় আসা গাজীপুরের পঞ্চাশোর্ধ্ব বেলায়েত শেখ শেষ পর্যন্ত ঢাকায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ভর্তি হয়েছেন।

এর আগে তিনি রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও মায়ের আপত্তির কারণে সেখানে ভর্তি হননি।

৫৫ বছর বয়সী বেলায়েত শেখ গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড (দারগারচালা) এলাকার বাসিন্দা।

বেলায়েত শেখ জানান, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে বেসরকারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ভর্তি হয়েছেন। তিনি রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৬৮ নম্বর পেয়ে ভর্তির চান্স পেয়েও শুধু মায়ের আপত্তি থাকায় সেখানে তিনি ভর্তি হননি।

“সোমবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত তিন ঘণ্টা ওই বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন ক্লাশ করেছি। শ্রীপুরের বাসা থেকেই ঢাকায় ক্লাস করতে পারব।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার শিক্ষা খরচের [ট্যুইশন ফি] ৬০ শতাংশ এবং ভর্তির টাকাতে কিছু ছাড় দিয়েছে বলে বেলায়েত জানান। 

ধানমন্ডির স্টেট ইউনিভার্সিটির জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আক্তার বলেন, “বেলায়েত গত ২৭ সেপ্টেম্বর এই বিভাগে ভর্তি হয়েছেন। তার জ্ঞান অর্জনের যে সাধনা যে আগ্রহ তা আমাদের অভিভূত করেছে। তার এই অগ্রযাত্রায় অংশ হতে পারায় আমাদেরও খুব ভালো লাগছে।”

উপার্জনে মনোযোগী হওয়ার পর বেলায়েত লেখাপড়া করবেন না বলে সিদ্ধান্ত নেন। পাশাপাশি তার ছোট ভাইদের মাধ্যমে তার স্বপ্ন পূরণের চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তার মেয়ে রাজউক উত্তরা মডেল কলেজে ভর্তি হয়েও মা-বাবাকে ছাড়া থাকতে পারবেন না বলে আর কলেজে যাননি। তার বড় ছেলেও বেলায়েতেরে প্রত্যাশা মতো লেখাপড়া করেননি।

ছেলে-মেয়েরা তার স্বপ্ন পূরণে ব্যর্থ হওয়ায় হতাশ হয়ে লেখাপড়ায় মনোযোগী হয়ে পড়েন বেলায়েত।

১৯৮৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন বেলায়েত। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় তাকে। ২০১৭ সালে ৫০ বছর বয়সে ভর্তি হন নবম শ্রেণিতে। এ বছর বেলায়েত ঢাকা মহানগর কারিগরি কলেজ থেকে জিপিএ ৪.৫৮ পেয়ে উচ্চমাধ্যমিক (এইচএসসি-ভোকেশনাল) পাস করেন। এর আগে ২০১৯ সালে বাসাবোর দারুল ইসলাম আলিম মাদরাসা থেকে জিপিএ ৪.৪৩ পেয়ে মাধ্যমিক সমমান দাখিল (ভোকেশনাল) পাস করেন বেলায়েত। ২০২১ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হন।

তার লেখাপড়া দেখে অনেকে হাসিঠাট্টা করলেও তিনি ওইসবে এখন আর কিছু মনে না করে লেখাপড়া চালিয়ে গেছেন। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক করতোয়া পত্রিকায় গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

Image

স্টেট ইউনিভার্সিটির নিজ ক্লাশের ছাত্র-ছাত্রীদের সঙ্গে বেলায়েত শেখ

তার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ার। তাই ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু এসব প্রতিষ্ঠানে তিনি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ তথা ভর্তি হতে পারেননি। তারপরও তিনি দমেননি।

বেলায়েত শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি চেষ্টা করে দেখিয়েছি, যেকোনো বয়সে পড়াশোনা করা যায়। পরিশ্রম আর চেষ্টা এক হলে শুধু পড়াশোনা নয়, সব কাজে সফল হওয়া সম্ভব।”

স্টেট ইউনিভার্সিটিতে প্রথম ক্লাশের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বেলায়েত বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাশটি আমি খুব উপভোগ করেছি। স্যার ও সহপাঠীরা আমাকে নিয়ে অনেক নিয়ে আনন্দ করেছে। তারা আমাকে কী বলে সম্বোধন করতে এনিয়েও তারা মজা করেছে। আমিও তাদের ভাই বলতে বলেছি।”

কেউ কেউ তাকে আঙ্কেল বলার আগ্রহ প্রকাশ করলেও তিনি তাদের ভাইয়া বলার অনুরোধ করেছেন।

শিক্ষার কোনো বয়স নাই উল্লেখ করে তিনি বলেন, “আমি সবার সঙ্গে মিশে আনন্দের সঙ্গে ক্লাশ করতে চাই। প্রথম দিনের ক্লাশ আমার কাছে অনেক আনন্দ লেগেছে।”

আরও পড়ুন:

পুরনো খবর:

ঢাবিতে হয়নি, ‘আফসোস নেই’ পঞ্চাশোর্ধ্ব বেলায়েতের
আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
‘ইয়াংদের’ সঙ্গে পরীক্ষা ‘ভালোই’ দিয়েছেন পঞ্চাশোর্ধ্ব বেলায়েত
ভর্তি পরীক্ষা দিতে এবার জাহাঙ্গীরনগরে পঞ্চাশোর্ধ্ব বেলায়েত