বাগেরহাটে আগুনে পুড়েছে ১৫ দোকান
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভষ্মিভূত হয়েছে।
শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আফতাবী আলম জানান, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে উপজেলার রায়েন্দ বাজারের পাঁচরাস্তার মোড়ে এ অগ্নিকাণ্ড হয়।
আফতাবী বলেন, খবর পেয়ে তাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
“বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত্র বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোন দোকান থেকে আগুনের সূত্রপাত তা এখনই বলা যাচ্ছে না।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপা টেলিকমের মালিক কালাম জোমাদ্দার জানান, ভোরে দোকানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারিবদ্ধ কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখেন।
তিনি বলেন, “আগুনে ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের অন্তত ৮০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আর আমার দোকানে ১০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।”
