চাঁপাইনবাবগঞ্জের দুই আসনের উপ নির্বাচনে ১২ জনের মনোনয়নপত্র জমা
চাঁপাইনবাবগঞ্জ-৩ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমার শেষদিন ছিলো বৃহস্পতিবার।
চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনের উপ নির্বাচনে ছয় জন করে মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে মনোনয়নপত্র জমার শেষদিন ছিলো বৃহস্পতিবার।
এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন জানিয়েছেন, এই আসনে আওয়ামী লীগের মো. আব্দুল ওদুদ, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মুকুল, জাসদের মনিরুজ্জামান মনির এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সামিউল হক লিটন ও তাহরিমা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কামরুজ্জামান খান সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপর দিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহট) আসনে রিটার্নিং অফিসার ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, আওয়ামী লীগের মু. জিয়াউর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের মো. নবীউল ইসলাম, জাকের পার্টির গোলাম মোস্তফা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ আলী সরকার ও মু. খুরশিদ আলম বাচ্চু রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিএনপির দুই সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং মো. আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে পদত্যাগ করায় আসন দুইটি শূন্য ঘোষণা করা হয়।
পরে আসন দুটিতে আগামী ১ ফেব্রুয়ারি উপ নির্বাচনের তারিখ ঠিক করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
