২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী-৪: স্বতন্ত্র প্রার্থীর প্রচারে হামলা, নারীসহ আহত ৫

নৌকার সমর্থকরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2024, 01:10 AM

Updated : 02 Jan 2024, 01:10 AM

রাজশাহী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচারে হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এতে চার নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

সোমবার বিকালে বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের সখোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।

আহতরা হলেন- বাগমারা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হামিরকুৎসা ইউনিয়নের সহসভাপতি সাফিনুর নাহার, যুগীপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সদস্য ইশরাত জাহান বিউটি, স্বতন্ত্র প্রার্থীর ভাতিজি পাপিয়া জাহান, শারমিন আক্তার এবং ইজিবাইক চালক শাহজাহান আলী।

এদের মধ্যে সাফিনুর, বিউটি ও শাহজাহানকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ।

পুলিশ ও আহতরা জানান, ইঞ্জিনিয়ার এনামুল হকের কাচি প্রতীকের প্রচার করতে দুটি ইজিবাইকে করে সখোপাড়া গ্রামে যান ছয়জন নারী। সেখানে তাদের সঙ্গে যোগ দেন আরও কয়েকজন নারী।

প্রচারের এক পর্যায়ে তারা নৌকার সমর্থক হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলমের সামনে নারীদের মাঝে কাচি প্রতীকে প্রচারপত্র বিলি করছিলেন। এ সময় তাদের বাধা দেওয়া হয়।

পরে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সাফিনুরের ওপর হামলা করে নৌকার সমর্থকরা। এ সময় বিউটি ভিডিও করতে গেলে তার ওপর হামলা করা হয়। তাকে বাঁচাতে বাকি নারীরা ও ইজিবাইক চালক এগিয়ে গেলে তাদেরকেও পিটিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহত সাফিনুর নাহার বলেন, “আলম আমাদের বলেন, ‘তোরা নৌকার বিরুদ্ধে ভোট করছিস কেন? এ এলাকায় নৌকা ছাড়া অন্য কোন প্রতীকের ভোট চাওয়া যাবে না।’

“প্রতিবাদ করলে প্রথমে আলমসহ তার পরিবারের সদস্যরা হামলা করে। পরে নৌকার আরও ১০ থেকে ১২ সমর্থক আমাদের ঘিরে ধরে মারধর করেন।”

খবর পেয়ে রাতে আহতদের হাসপাতালে দেখতে যান স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক।

তিনি সাংবাদিকদের বলেন, “কোনো সভ্য প্রার্থী নারীদের ওপর হামলা করতে পারে না। প্রশাসন যদি কঠোর অবস্থান নিয়ে তাদের গ্রেপ্তার করত, তাহলে তারা সাহস পেত না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।”

হামলার বিষয়ে জানতে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের মোবাইল নম্বরে কল করা হলে তিনি তা রিসিভ করেননি।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:

পুরনো খবর:

রাজশাহী-৪: এবার এনামুলের ৭ কর্মীকে পেটাল নৌকার সমর্থকরা