গোপালগঞ্জে `শিক্ষকের মারধরে’ আহত ছাত্র হাসপাতালে
এ ঘটনায় থানায় অভিয়োগ করা হয়েছে।
গোপালগঞ্জে নবম শ্রেণীর এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে তার দুই শিক্ষকের বিরুদ্ধে।
১৫ বছর বয়সী আহত ওই স্কুলছাত্র কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তার বাড়ি উপজেলার কলাবাড়ি গ্রামে।
গত বৃহস্পতিবার উপজেলার কলাবাড়ি ইউনিয়নের রাধাকান্ত উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে শনিবার ওই ছাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়।
ছেলেটির ভাষ্য, কয়েকদিন আগে তার মায়ের পক্ষের দাদু মারা গেছেন। এ জন্য সে কয়েকদিন স্কুলে অনুপস্থিত ছিলো। বৃহস্পতিবার সে স্কুলে গেলে বিজ্ঞান শিক্ষক কমলেশ মণ্ডল ও ধর্মের শিক্ষক মধুসূদন সরকার তাকে বেদ দিয়ে বেদম মারধর করে।
ছেলেটির বাবা বলেন, “বৃহস্পতিবার স্কুল থেকে ফিরে ছেলে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে নিয়ে আমরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করি। এ ব্যাপারে আমি কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমার ছেলেকে অন্যায় ভাবে মারধর করা হয়েছে। আমি তার সুষ্টু বিচার চাই।”
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. লিটন বাড়ৈ জানান, ছেলেটির শরীরে কিছু আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাধাকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বাড়ৈ বলেন, “ছেলেটিকে যতটুকু মারা হয়েছে তাতে সে অসুস্থ হওয়ার কথা না। আমার ধারণা, সে অভিনয় করছে। তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এখন আইনে যা হয় হবে।”
কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. ওমর শরীফ বলেন, তারা অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
