জামালপুরের সাংবাদিক হত্যার প্রতিবাদ ফেনীতে
প্রতিবাদ সভায় সাংবাদিকরা এ হত্যার দ্রুত বিচারের দাবি জানান।
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছেন ফেনীর গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার বিকালে শহরের ট্রাংক রোডে শহীদ মিনারের সামনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূইয়া।
বাংলাদেশ ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি মো. শাহজালাল ভূঁঞার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সাংবাদিক রবিউল হর রবি, মোহাম্মদ শাহাদাত হোসেন, আজাদ মালদার, আরিফুল আমিন রিজভী, এন এন জীবন, নাজমুল হক শামীম, নজির আহমেদ রতন, আব্দুল্লাহ আল মামুন, আতিয়ার সজল, আরিফুর রহমান, আলী হায়দার মানিক, সাইদ খান, এস এম ইউ আলী ও সোলায়মান হাজারী ডালিম বক্তব্য রাখেন।
প্রতিবাদ সভায় বক্তারা গোলাম রব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত করার দাবি জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুমকি দেন।
বুধবার রাতে জামালপুর বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চার জনকে আটক করেছে।
