পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজারের দাবিতে সাভারে বিক্ষোভ
ধসে পড়া রানা প্লাজার সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন।
তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে একটি শ্রমিক সংগঠন।
বৃহস্পতিবার সাভারের ধসে পড়া রানা প্লাজার সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন।
সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পোশাক শ্রমিকদের কষ্টের কথা তুলে ধরে অবিলম্বে ন্যূনতম ২৪ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি জানান।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কিছু দাবি তুলে ধরেছি। তা হচ্ছে- পোশাক শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ নির্ধারণ, নারী ও শিশুর নিরাপত্তা, শিক্ষা, ডে-কেয়ার সেন্টার ব্যবস্থা, আবাসন নির্মাণ, নারী শ্রমিকদের মাতৃত্ব কল্যাণ ছুটি ৬ মাস আইন পাস করা, ইপিজেডকে শ্রম আইনের অন্তর্ভুক্ত এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার শ্রম আইন নিশ্চিত করা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রম আদালতে দায়ের করা মামলা ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তি, কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সুমাইয়া ইসলাম, যুগ্ন সম্পাদক পারভীন আক্তার, আবু কালাম, মো. আতিকুর রহমান সুমন, আলী আকবর খান রমজান, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রতন মোতালেবসহ বিভিন্ন কারখানার বেশকিছু শ্রমিকরা।
