২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আপত্তিকর বক্তব্য দেওয়ায় বিএনপির সাবেক নেতাকে শোকজ

২৬ ডিসেম্বর দুপুরের মধ্যে নোটিশ প্রদানকারীর আদালতে সশরীরে হাজির হয়ে আতাউর রহমানকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সিরাজগঞ্জে আপত্তিকর বক্তব্য দেওয়ায় বিএনপির সাবেক নেতাকে শোকজ

আতাউর রহমান।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 12:07 PM

Updated : 21 Dec 2023, 12:07 PM

সিরাজগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থীর নির্বাচনি সমাবেশ থেকে স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় বিএনপির এক সাবেক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও শাহজাদপুর উপজেলা সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা এ নোটিশ প্রদান করেন।

নোটিশপ্রাপ্ত আতাউর রহমান বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। সম্প্রতি তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন।

বুধবার রাজাপুর ইউনিয়নে সিরাজগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের নির্বাচনী সমাবেশে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় তাকে এ নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালতের সেরেস্তাদার মো. আমিরুল মোমেন খান।

তিনি বলেন, ২৬ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার মধ্যে নোটিশ প্রদানকারীর আদালতে সশরীরে হাজির হয়ে আতাউর রহমানকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গণমাধ্যমের খবরে জানা গেছে, আওয়ামী লীগ প্রার্থী মমিন মণ্ডলের পক্ষে এক নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে আতাউর রহমান বলেছেন, “আব্দুল লতিফ বিশ্বাস যাতে ভোট চাইতে না পারে সে রকম পরিবেশ সৃষ্টি করবেন, এবং ৭ জানুয়ারির পরে তিনি মাটি দিয়ে হাঁটবেন না তাকে চলে যেতে হবে মঙ্গল গ্রহে।”

তার বক্তব্যটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর ধারা ১১ (ক) এর লঙ্ঘন হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলকেই আবারও মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। 

তিনি ছাড়া এই আসনে আব্দুল লতিফ বিশ্বাস ‘ঈগল’, ফজলুল হক ‘লাঙ্গল’, আব্দুল হাকিম ‘নোঙ্গর’, নাজমুল হক ‘গামছা’, ও আব্দুল্লাহ আল মামুন ‘কাঁচি’ প্রতীকে নির্বাচন করবেন।

এর আগে প্রতীক বরাদ্দের আগে সিরাজগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা করার অভিযোগে গত ১২ ডিসেম্বর চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজউদ্দিন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল নির্বাচনি অনুসন্ধান কমিটি।

এছাড়া ৫ ডিসেম্বর নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার প্রার্থী আব্দুল মমিন মণ্ডলকেও কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল নির্বাচনি অনুসন্ধান কমিটি।

পুরানো খবর

পুরনো খবর:

আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে শোকজ
আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে তলব