গাজীপুরে নারী পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার
পুলিশের ধারণা, ২-৩ দিন আগে শেখাকে হত্যার পর বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে তার স্বামী পালিয়ে গেছে।
গাজীপুরে ভাড়া বাসা থেকে এক নারী পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মহানগরীর ইসলামপুর এলাকায় মরদেহটি পাওয়া যায় বলে বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক জানান।
নিহত শেখা বেগম (৩৫) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাটাখালি গ্রামের মো. সারোয়ার মিয়ার মেয়ে। তিনি গাজীপুরে স্থানীয় এক পোশাক কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন।
ওসি আবু সিদ্দিক বলেন, ওই এলাকার মো. শামসুর রহমানের বাড়িতে শেখা বেগম তার স্বামীকে নিয়ে ভাড়ায় থাকতেন। দুপুরে প্রতিবেশী ভাড়াটিয়ারা শেখার বন্ধ থাকা ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন।
পরে পুলিশ গিয়ে দরজা খুলে ঘরের ভেতর থেকে কাঁথায় মোড়ানো একটি লাশ পড়ে থাকতে দেখে।
তিনি আরও বলেন, লাশটি শেখার বলে প্রতিবেশীরা শনাক্ত করেন। এখনো তার স্বামীর সন্ধান পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, “ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে শেখাকে হত্যার পর লাশ কাঁথায় মুড়িয়ে রেখে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে তার স্বামী পালিয়ে গেছে।”
মৃত্যুর রহস্য উদঘাটন ও স্বামীর সন্ধানে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
