২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে মারতে গিয়ে কোলের শিশুকে হত্যা, গ্রেপ্তার ২

এ ঘটনায় আটজনকে আসামি করে মামলা হয়।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2024, 05:05 PM

Updated : 11 Jan 2024, 05:16 PM

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিরোধের জেরে এক নারীর ওপর হামলার সময় তার কোলে থাকা শিশুকে হত্যা মামলায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১৪ ময়মনসিংহের উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার কুট্টাকান্দা গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- প্রধান আসামি কলমাকান্দার লক্ষ্মীপুর গ্রামের হাতেম আলীর ছেলে মো. হানিফ মিয়া (২৭) ও সিরাজ আলীর ছেলে মো. ফারুক মিয়া (২২)।

গত ৩১ ডিসেম্বর দুপুরে লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার দিনই শিশু জুনাইদের বাবা আব্দুল মালেক আটজনকে আসামি করে মামলা করেন।

মামলার বরাতে র‌্যাব কর্মকর্তা আনোয়ার বলেন, আব্দুল মালেকের সঙ্গে প্রতিবেশী হাতেম আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। ৩১ ডিসেম্বর দুপুরে বাড়ির পাশে পুকুরে যাচ্ছিলেন মালেকের স্ত্রী মোমেনা খাতুন।

এ সময় হাতেমের লোকজন মোমেনাকে লক্ষ্য করে লাঠি দিয়ে আঘাত করতে গেলে তার কোলে থাকা আড়াই বছরের ছেলে জুনাইদের মাথায় লেগে মৃত্যু হয়।

ঘটনার পর থেকে আসামিরা ছদ্দবেশে পালিয়ে বেড়াচ্ছিল জানিয়ে আনোয়ার বলেন, অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।