টাঙ্গাইলে স্কুলে ‘নিয়োগ নিয়ে দ্বন্দ্বে’ যুবককে ছুরিকাঘাতে হত্যা
কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে দেলদুয়ারে লাউহাটি ও হেরেণ্ডপাড়ার মধ্যে বিরোধ চলছিল বলে জানায় পুলিশ।
টাঙ্গাইলের দেলদুয়ারে একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ‘কর্মচারী নিয়োগ নিয়ে দ্বন্দ্বে’ এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার লাউহাটি গ্রামে এ ঘটনা ঘটে বলে দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান।
নিহত ২৩ বছর বয়সী মো. জনি উপজেলার হেরেণ্ডপাড়ার বাদশা মিয়ার ছেলে।
ওসি নাসির বলেন, “প্রায় এক মাস আগে এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে পিয়ন ও আয়া পদে দুইজনকে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগকে কেন্দ্র করে লাউহাটি ও হেরেণ্ডপাড়া গ্রামের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
“সোমবার সন্ধ্যায় জনি লাউহাটি বাজারে একটি দোকানে যান। এ সময় জনিকে ডেকে নিয়ে প্রতিপক্ষের গ্রামের কয়েকজন তাকে ছুরিকাঘাত করে। পরে আশপাশের লোকজন এলে হামলাকারীরা চলে যায়।”
গুরুতর অবস্থায় জনিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতির কথা জানিয়ে ওসি নাসির উদ্দিন বলেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
