নাটোরে ‘মোবাইল চোর চক্রে’র ৬ সদস্য গ্রেপ্তার
তাদের কাছ থেকে ১৩টি মোবাইল, দশটি সিম কার্ড, একটি মোটরসাইকেল, দুইটি সিপিইউ, দুইটি মনিটর, দশটি হার্ডডিস্ক জব্দ করা হয়েছে।
নাটোরের সিংড়াতে মোবাইল চুরি ও চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারদের চোর চক্রের সদস্য হিসেবে উল্লেখ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত সিংড়ার খাগরবাড়িয়া, সিংড়া বাসস্ট্যান্ড ও বামিহাল বাজারপাড়া এলাকায় র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি চৌকস দল অভিযান চালায়।
এ সময় ১৩টি মোবাইল, দশটি সিম কার্ড, একটি মোটরসাইকেল, দুইটি সিপিইউ, দশটি হার্ডডিস্ক, দুইটি মনিটর, দুইটি কি-বোর্ড, দুইটি মাউস, কম্পিউটার ক্যাবল ও নগদ ১২ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন, সিংড়ার খাগরবাড়িয়া এলাকার রাজন আলী (৩৪), একই এলাকার মো. আব্দুল মালেক (৩৬), দমদমা এলাকার মো. বিপ্লব হোসেন (২৭), চওড়া এলাকার মো. সেলিম হোসেন (২০), কয়াখাস এলাকার মো. আব্দুল রশীদ (২৪) এবং বামিহাল বাজারপাড়ার মো. রাসেল (২৬)।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন চুরি এবং চোরাইকৃত মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি করে আসছেন বলে স্বীকার করেছেন।“
এ ঘটনায় সিংড়া থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
