২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকা নয়, ‘ট্রাকে’ সওয়ার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতৃত্ব

“শামীম সাহেব নির্বাচিত হওয়ার পর কোথায় যাবেন? শেখ হাসিনার কাছেই তো যাবেন।”

নৌকা নয়, ‘ট্রাকে’ সওয়ার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতৃত্ব

বৃহস্পতিবার ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের সঙ্গে জেলা আওয়ামী লীগের নেতাদের একাংশ। 

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 08:39 PM

Updated : 21 Dec 2023, 08:46 PM

ময়মনসিংহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের পক্ষ নিয়ে প্রচারে নেমেছেন সিটি মেয়রসহ জেলা আওয়ামী লীগের নেতাদের একটি অংশ।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ‘আবির্ভাব’ নামে একটি সামাজিক সংগঠন।

সেখানেই জেলা আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের পক্ষ নিয়ে ভোটারদের মন আকৃষ্ট করতে দিয়েছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি।

এবার জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নির্বাচনে আসেননি।

ময়মনসিংহ-৪ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহিত উর রহমান ওরফে শান্ত। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ধর্মমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে।

Image

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।

স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সহসভাপতি। তার ছোট ভাই মো. ইকরামুল হক টিটু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, “নির্বাচনে কারো পক্ষে কাজ করতে হবে আমাদের এমন কোনো বাধা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন- যা ইচ্ছে তাই করো। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, একটি আলোচিত নির্বাচনের জন্য, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। পৃথিবীকে দেখাতে হবে দেশের ৬০ শতাংশ মানুষ ভোট দিয়েছে।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ করে তিনি বলেন, “শামীম সাহেব নির্বাচিত হওয়ার পর কোথায় যাবেন? শেখ হাসিনার কাছেই তো যাবেন।”

তিনি আরও বলেন, “শামীম সাহেব নেওয়ার জন্য নির্বাচনে আসেননি, তিনি দেওয়ার জন্য এসেছেন। মুক্তিযোদ্ধারা আপনারা আমার মামার বন্ধু, আমার ভাইয়েরও বন্ধু। কারণ তারা মুক্তিযোদ্ধা ছিলেন। আপনাদের কাছে আপনাদের ভাগনে হিসেবে, ভাই হিসেবে করজোড়ে অনুরোধ করছি সদরকে বাঁচান।”

Image

ময়মনসিংহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আমিনুল হক শামীম

জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম বলেন, “জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান জানাব, অনুরোধ জানাব সকলেই আপনারা আপনাদের বিবেক দিয়ে চিন্তা করেন কাকে দিয়ে আমাদের এলাকার উন্নতি হবে।

“এটি একটি পুরোনো শহর, নদের ওই পাড়ে বিভাগীয় শহর হওয়ার কথা ছিল এখন পর্যন্ত কার কারণে হয় নাই একবার চিন্তা করে দেখেন।”

তিনি আরও বলেন, “অত্যাধুনিক শহর হওয়ার কথা ছিল, কেন হয় নাই এই জিনিসগুলো আপনাদের ভাবতে হবে। পুরোনো এই শহরে বিভাগের চার জেলার লোকজনের চাপ বেড়েছে। তাই আসুন আমিনুল হক শামীম সাহেবকে নির্বাচিত করে বসবাসের জন্য নদের ওই পাড়ে নতুন শহর গড়ে তোলার জন্য কাজ করার সুযোগ করে দেই।”

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, “আজকে প্রধানমন্ত্রী গণতন্ত্র চর্চার সুযোগ করে দিয়েছেন। তাই প্রত্যেকটি আসনে আট থেকে দশজন প্রার্থী রয়েছে। তাদের মধ্যে যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে আপনারা বেছে নেবেন এই সুযোগটুকু জননেত্রী আপনাদের করে দিয়েছেন।

“সুতরাং আমি আপনাদের প্রতি আহ্বান জানাব জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যে উপযুক্ত তাকে বেছে নেবেন। মুক্তিযোদ্ধাদের জ্ঞাতার্থে বলতে চাই, আপনাদের শ্রদ্ধা জানিয়ে ছোট বাজার রাস্তার নামকরণ করা হয়েছে।”

Image

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম

এই অনুষ্ঠানে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম বলেন, “কোভিডকালীন আপনাদের পাশে আমি ছিলাম। সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি। আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জাও লড়েছি।

“আজকে আমার প্রতিদ্বন্দ্বী যিনি তখন তিনি কোথায় ছিলেন? সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের ভোটের মূল্য দেওয়া হবে।”

এ বিষয়ে ময়মনসিংহ-৪ সদর আসনে নৌকা মনোনীত প্রার্থী মোহিত উর রহমান শান্ত বলেন, “যে কোনো প্রার্থীর পক্ষে যে কারো অবস্থান নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু নৌকা হচ্ছে শেখ হাসিনার মার্কা। আজকে যারা ট্রাক প্রতীকের পক্ষে কথা বলছেন বুঝতে হবে তারা নৌকার বিপক্ষে কাজ করছেন।

“নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সিটি করপোরেশনের মেয়রের কারো পক্ষে ভোট চাওয়ার সুযোগ নেই। তিনি যদি সেটি করে থাকেন তাহলে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হবে।”