২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট শহরে বাসাবাড়িতে চুরি, দম্পতিসহ গ্রেপ্তার ৩

বাগেরহাট শহরে সম্প্রতি যেসব চুরির ঘটনা ঘটেছে তাতে এরাই জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।  

বাগেরহাট শহরে বাসাবাড়িতে চুরি, দম্পতিসহ গ্রেপ্তার ৩

কাজল আক্তার হীরা, তার স্বামী খুলনা নগরের হরিণটানার সলেমান মিয়ার ছেলে সোহেল রানা এবং কাজল আক্তারের ভাই রবিউল ইসলাম রাঙাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2022, 08:40 PM

Updated : 28 Oct 2022, 11:02 AM

বাগেরহাট শহরে সম্প্রতি কয়েকটি বাসাবাড়ির স্বর্ণের গহনা ও টাকা চুরিতে জড়িত সন্দেহে দম্পতিসহ এক পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে খুলনা নগরের হরিণটানায় অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট বিচারিক হাকিম আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে তালা খোলার কাজে ব্যবহৃত মাস্টার চাবি, তিনটি মোবাইল ফোন, কিছু পোশাক, ভ্যানিটি ব্যাগ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

তবে চুরি যাওয়া কোনো স্বর্ণালংকার বা নগদ টাকা পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করতে পারেনি।

গ্রেপ্তাররা হলেন খুলনা মহানগরের হরিণটানার সলেমান মিয়ার ছেলে সোহেল রানা (৩৩), তার স্ত্রী কাজল আক্তার হীরা (২৪) এবং কাজল আক্তারের ভাই রবিউল ইসলাম রাঙা (১৮)।

Image

অভিযানে তালা খোলার মাস্টার চাবি, তিনটি মোবাইল ফোন, কিছু পোশাক ও ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়।

বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা আইনজীবী এনামুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৪ অক্টোবর দুপুর ১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুই নারী রিকশাযোগে গিয়ে তার ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আলমারি খুলে নগদ ২৫ হাজার টাকা এবং আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

“এরা ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে দ্রুত চুরি করে, যা আমার বাড়ির সিসি ক্যামেরায় ধারণ হয়েছে; আমি এই সিসি ক্যামেরার ভিডিও পুলিশকে দিয়েছি এবং থানায় একটি চুরির মামলা করেছি।”

এনামুল হোসেন আরও বলেন, “পুলিশ এই চোর চক্রকে গ্রেপ্তার করার পর আমায় থানায় ডেকেছিল। ভিডিওতে যে ছবি ধারণ রয়েছে তাতে এদের দেখে মনে হয়েছে আমার বাড়িতে এরাই চুরি করেছে।”

বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, বাগেরহাটে সম্প্রতি তিনটি চুরির ঘটনায় মামলা হয়েছে। এই মামলার তদন্তে নেমে নারীদের জড়িত থাকার কিছু তথ্য পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতে একই পরিবারের তিনজনকে শনাক্ত করতে সক্ষম হন তারা।

Image

অভিযানে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

“এই চক্রটি খুবই প্রশিক্ষত। তারা এমন মাস্টার চাবি তৈরি করেছে যার সাহায্যে তারা যে বাসাবাড়িটি চুরির টার্গেট করবে তা ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে হয়ে যাবে।”

তিনি জানান, চোর চক্রটি যে বাসাবাড়িটি চুরির টার্গেট করত তাদের দলের নারী সদস্যকে এক পুরুষ সদস্য মোটরসাইকেলে বাসার কাছে পৌঁছে দিয়ে অপেক্ষা করত। চুরি শেষে ওই মোটরসাইকেলে করে নির্বিঘ্নে সটকে পড়ত।

এরা শুধু বাগেরহাট নয়, অন্য জেলাতেও চুরি করে আসছে বলে পুলিশের কাছে তথ্য আছে বলে ওসি জানান।

তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা গেলে এই চক্রটির সাথে আর কারা জড়িত এবং চুরি করা নগদ টাকা স্বর্ণালংকার কোথায় আছে তা জানা যাবে বলে তিনি মনে করেন।

বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, বাগেরহাটে দীর্ঘদিন ধরে একটি মহিলা চক্র দুপুর বেলায় বাসাবাড়িতে চুরি করত। যে বাড়িতে তারা চুরি করত তারা আগে থেকে ওই বাড়িটি যাচাই বাছাই করত। যে বাড়িটি তারা ফাঁকা পেত তারা ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে বাড়ির তালা ভেঙে চুরি করে সরে পড়ত।

“এই চক্রের প্রধান হলেন নারী। এরা একটি সংঘবদ্ধ চক্র। এই নারী তার স্বামী ও ছোট ভাইকে নিয়ে বাসাবাড়িতে চুরি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে।”

বাগেরহাটে সম্প্রতি যেসব চুরির ঘটনা ঘটেছে তাতে এরাই জড়িত বলে প্রবলভাবে সন্দেহ করা হচ্ছে, বলেন মাহমুদুল হাসান।

এই চক্রটিকে বাগেরহাটের কেউ সহযোগিতা করছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।