সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমার খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবি
মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেত্রকোনার দুর্গাপুরের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।
নেত্রকোণার দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রোববার দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানান তারা।
দুর্গাপুর ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।
সমাবেশে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সাবেক পরিচালক স্বপন হাজং বলেন, স্থানীয় আওয়ামী লীগের একজন বলিষ্ঠ নেতা ছিলেন সুব্রত সাংমা। বিএনপির আউয়াল বাহিনীর আগ্রাসন ও নিপীড়নের বলি হয়েছেন তিনি।
“আমরা এই হত্যার প্রতিবাদ ও নিন্দা জানাই। হত্যা মামলার সব আসামির দ্রুত গ্রেপ্তার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ বিচার না হওয়া পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব।”
সমাবেশে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, মো. আলম মিয়া, যুবলীগ নেতা ফারুক বাবু, সাইমুন তজু, লিটন হাজং, অন্তর হাজং, আদিবাসী নেত্রী রাখী দ্রং।
এদিকে নেত্রকোণা শহরের পাটপট্রী ত্রিনয়নী মন্দির প্রাঙ্গণে একই দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সমাবেশে জেলা সংগঠনের সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্যের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুব্রত রায় মানিক, যুগ্ম সম্পাদক মানিক রায়, উৎপল চক্রবর্তী।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শিবিরিুল ইসলাম জানান, সুব্রত সাংমা হত্যা মামলায় কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল ও তার ভাই শামীমসহ আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের ধরতে অভিযান চলছে।
গত ২৯ সেপ্টেম্বর হামলার শিকার হন ক্ষুদ্র-নৃ গোষ্ঠী ও আওয়ামী লীগ নেতা সুব্রত সাংমা। এরপর টানা দশ দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৮ অক্টোবর দুপুরে তিনি মারা যান।
হামলার ঘটনায় ৩০ সেপ্টেম্বর সুব্রত সাংমার বোন কেয়া তজু বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা করেন। পরে সেটিই হত্যা মামলায় রূপান্তর করা হয় বলে পুলিশ জানায়।
আরও পড়ুন:
