নেত্রকোণায় সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যায় বর্তমান চেয়ারম্যান গ্রেপ্তার
বাগেরহাটের মোংলা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুব্রত সাংমা হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, “সোমবার রাতে বাগেরহাটের মোংলা উপজেলার একটি গ্রাম থেকে মামলার প্রধান আসামি আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে দুর্গাপুর থানায় নিয়ে আসা হয়।”
গ্রেপ্তার আব্দুল আউয়াল কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব।
গত ২৯ সেপ্টেম্বর হামলার শিকার হয়ে টানা ১০ দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৮ অক্টোবর দুপুরে মারা যান সুব্রত সাংমা।
হামলার ঘটনায় দায়ের করা মামলাটি পরে হত্যা মামলায় রূপান্তর করে পুলিশ। সুব্রত সাংমা মারা যাওয়ার পর পরই আত্মগোপনে যান প্রধান আসামি আব্দুল আউয়াল।
দুর্গাপুর থানার এসআই আনিস সাংবাদিকদের বলেন, মোংলার মনপুরা গ্রামের ব্রিজ সংলগ্ন জনৈক তোতা মিয়ার বাড়িতে আত্মগোপন করেছিলেন আউয়াল। প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে ওই জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুর্গাপুর থানা পুলিশকে স্থানীয় পুলিশ সহায়তা করেছে।
তিনি আরও বলেন, সুব্রত সাংমা হত্যায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২৯ সেপ্টেম্বর বিকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রাশিমনি বাজারে দুর্বৃত্তরা সুব্রত সাংমার ওপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
হামলার ঘটনায় ৩০ সেপ্টেম্বর সুব্রত সাংমার বোন কেয়া তজু বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা করেন। এখন সেটিই হত্যা মামলায় রূপান্তর হয়েছে।
মামলায় দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল, ভাই শামিম আহমেদ, বদিউজ্জামানসহ ১৫ জন আসামির নাম উল্লেখ করা হয়।
এ হত্যার প্রতিবাদে সুব্রত সাংমার সমর্থকরা শনিবার দিনব্যাপী দফায় দফায় উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও পথসভা করে।
আরও পড়ুন:
