২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে মাছ-ফলে ফরমালিন ঠেকাতে মাঠে বিএসটিআই

ফল ও মাছে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা-নিরীক্ষা করায় সন্তোষ প্রকাশ করেছেন ভোক্তারা।

রংপুরে মাছ-ফলে ফরমালিন ঠেকাতে মাঠে বিএসটিআই

ফরমালিনের উপস্থিতি জানতে সংগৃহীত ফল ও মাছের নমুনা পরীক্ষা করছেন বিএসটিআই কর্মকর্তারা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2023, 08:59 PM

Updated : 30 Mar 2023, 08:59 PM

রংপুরে মাছে ও ফলে ফরমালিনের উপস্থিতি পরীক্ষায় অভিযানে নামে মান নিয়ন্ত্রণে সরকারি সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই।

বৃহস্পতিবার নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার ফল ও মাছের বাজারে অভিযান চালান বিএসটিআইয়ের কর্মকর্তারা।

এ সময় বাজার থেকে সংগ্রহ করা নমুনা মাছ ও ফলে ফরমালিনের উপস্থিতি না পাওয়া গেলেও এমন অভিযানে খুশি ভোক্তারা।

ভোক্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাবারে পণ্যের ফরমালিনের উপস্থিতি পরীক্ষা-নিরীক্ষা করায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। প্রতিনিয়ত এমন অভিযান পরিচালনার দাবি তাদের।

বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মফিজ উদ্দিন আহমাদ সাংবাদিকদের বলেন, “মোট ৬টি ফলের দোকান থেকে আপেল, কমলা, মাল্টা, আঙ্গুর, আনারসসহ বিভিন্ন ফল এবং মাছ বাজারের মোট ৫টি দোকান থেকে ছোট-বড় মাছের নমুনা সংগ্রহ করা হয়। পরে ভ্রাম্যমাণ পরীক্ষাগারে ওইসব ফল ও মাছের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় কোনো ধরনের ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।”

ক্রেতা-বিক্রেতাদের সচেতন করতে এমন অভিযান চলবে বলেও জানান তিনি।