টাঙ্গাইলে সড়ক বিভাজকে শাক তুলতে গিয়ে ট্রাকচাপায় কৃষকের মৃত্যু
মহাসড়কের চরপাড়া গ্রামে বাড়ির সামনের সড়ক বিভাজকে ডাটা শাক লাগিয়েছিলেন লতিফ।
টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে মহাসড়কের করটিয়া চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান।
নিহত ৪০ বছর বয়সী কৃষক মো. লতিফ মিয়া করটিয়া চরপাড়া গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে।
নিহতের ফুফাতো ভাই আব্দুল জলিল মিঞা জানান, লতিফ মহাসড়কের চরপাড়া গ্রামে বাড়ির সামনের সড়ক বিভাজকে ডাটা শাক লাগিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে সেখান থেকে শাক তুলতে গিয়েছিলেন তিনি।
“এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক বেপরোয়া গতিতে এসে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে বিভাজকে দাঁড়িয়ে থাকা লতিফ মহাসড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।”
হাইওয়ে পুলিশের জাহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
