নাটোরে বাল্যবিয়ে বিরোধী শপথ নিলো ৭০০ শিক্ষার্থী
সদর উপজেলার শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীরা বাল্যবিবাহ বিরোধী কার্ড দেখায়।
‘বাল্য বিয়েকে না, বলেছি ও বলবো’ স্লোগানে নাটোরে ৭০০ শিক্ষার্থী একসঙ্গে বাল্যবিবাহ বিরোধী শপথ নিয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় নাটোর সদর উপজেলার শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বাল্যবিবাহ বিরোধী সমাবেশে অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা বাল্যবিবাহ বিরোধী কার্ড দেখায়।
পলিসি ফর ডায়ালগ (পিফরডি) এর সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
এতে প্রধান অতিথির বক্তব্যে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন,
বাল্য বিবাহ শারীরিক ও মানসিক বিকাশের প্রতিবন্ধক। বাল্যবিয়েতে পরিবারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় সমাজ ও রাষ্ট্র। বাল্য বিবাহ না দেওয়ার শর্তে, অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব আমাদের।“
শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই পাঠান, ডিপিএফ’র সাধারণ সম্পাদক শিবলী সাদিক, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল এ সময় উপস্থিত ছিলেন।
