২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে লরি-মাহিন্দ্রা সংঘর্ষে গেল ২ জনের প্রাণ

আহত আটজনের মধ্যে দুইজনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে এবং তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2024, 12:34 AM

Updated : 19 Jan 2024, 12:34 AM

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তেলবাহী লরি ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও আটজন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঘাটাইল থানার ওসি মো. আবু ছালাম মিয়া।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করেন।

নিহত শফিকুল ইসলাম (৫০) ধনবাড়ী উপজেলার নিজবর্ণি গ্রামের প্রয়াত জালাল উদ্দিনের ছেলে। নিহত অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন- মধুপুর উপজেলার গাংগাইর গ্রামের জোবেদ আলীর ছেলে জহিরুল, পাকুল্লার বারেকের ছেলে সেলিম (২০), ঘাটাইল উপজেলার চেরাভাঙ্গা গ্রামের ওমর ফারুক, মধুপুর উপজেলার হ্রাসনই গ্রামের খোকা (৫০), গোপালপুর উপজেলার বন্দমাহমুদপুর গ্রামের তুলা মিয়ার ছেলে বিল্লাল (২৫), পাকুটিয়া ঝুনকাইল গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে জামিল আহমেদ, পাকুটিয়ার শ্রাবন্ত প্রীতি (৩৫) ও প্রশান্ত কৃতি।

আহতদের মধ্যে দুইজনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে এবং তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ওসি আবু ছালাম বলেন, উপজেলার পাকুটিয়া বাজার থেকে মধুপুরগামী মাহিন্দ্রার সঙ্গে ঘাটাইলগামী তেলেবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন আরও আটজন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।