বরিশালে বাড়ির পাশের বাগান থেকে নিখোঁজ দিনমজুরের লাশ উদ্ধার
ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে তাকে ভারী বস্তুর আঘাতে রক্তাক্ত করা হয়েছে।
বরিশালের উজিরপুরে নিখোঁজের দুই দিন পর শারীরিক প্রতিবন্ধী এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে বাড়ির পাশের বাগান থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানিয়েছেন।
নিহত মেহেদী হাসান বেপারী উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামের কাসেম বেপারীর ছেলে। ২৩ বছর বয়সী মেহেদীর পা ও হাতে অস্বাভাবিকতা ছিল।
পরিদর্শক তৌহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেহেদী হাসান সোমবার রাতে বাড়ি ফেরেননি। পরদিনও তিনি না আসায় বিভিন্ন স্বজনের বাড়িতে খোঁজ করে তার সন্ধান পায়নি পরিবার। তাই তার বাবা মঙ্গলবার থানায় একটি জিডি করেন।
পরিদর্শক আরও বলেন, বুধবার সকালে মেহেদির বাড়ি থেকে কিছু দূরে বাগানে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে।
সুরতহাল প্রতিবেদনের বরাতে পরিদর্শক তৌহিদুজ্জামান আরও জানান, মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ভারী কোনো বস্তুর আঘাতে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত পাওয়া গেছে। গলায় ফাঁসের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে তাকে রক্তাক্ত করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ওসি কামরুল হাসান জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ ছাড়া তদন্তে করে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা এবং আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
