‘চাকরি দেওয়ার নামে হাজার মানুষের টাকা মেরেছেন অফিস সহায়ক’
“পিনু পীরগঞ্জ উপজেলার প্রায় এক হাজার মানুষের কাছ থেকে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।”
সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের বরখাস্ত হওয়া অফিস সহায়ক জেনারুল হক পিনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে র্যাব-৩ এর সহযোগিতায় তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে শনিবার জানিয়েছেন পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান।
জেনারুল হক পিনু পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর পীরগঞ্জ ইউনিয়নের চককরিম গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান বলেন, “জেনারুল হক পিনুর নামে ১১টি ওয়ারেন্ট এবং একটি মামলার রায় রয়েছে। তিনি পীরগঞ্জ উপজেলার প্রায় এক হাজার মানুষের কাছ থেকে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার নামে পীরগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা এলে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়।
“এ সময় তিনি গা ঢাকা দেন। এরপর তিনি ঘন ঘন স্থান বদল করতে শুরু করেন এবং ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নিতে শুরু করেন। পরে র্যাব-৩ এর সহযোগিতায় ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
এ বিষয়ে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অফিস সহায়ক জেনারুল হক পিনুর নামে প্রতারণার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তার ব্যাপারে তদন্ত চলমান। চূড়ান্ত প্রতিবেদন পেলে আইন অনুযায়ী চাকরিচ্যুতিসহ অন্যান্য শাস্তির জন্য সুপারিশ করা হবে।”
