২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন অনিয়মে ফেনীর ৫ হাসপাতাল-ক্লিনিককে জরিমানা

সেবার মূল্য তালিকা না রাখা, রক্ত ও বিভিন্ন পরীক্ষার সরঞ্জাম সংরক্ষণ না করা এবং সেবা গ্রহীতার জীবন বিপন্নকারি কাজ করায় জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2022, 06:34 PM

Updated : 16 Oct 2023, 07:28 PM

বিভিন্ন অনিয়মের অভিযোগে ফেনী শহরের পাঁচ হাসপাতাল-ক্লিনিকের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব হাসপাতাল-ক্লিনিককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) লিখন বনিক।

এদের মধ্যে ডাক্তার পাড়াস্থ হায়দার ক্লিনিককে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ৩০ হাজার টাকা, ফেনী ক্লিনিককে ৭০ হাজার টাকা, এনআইএস ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের তারেক ফিজিওথেরাপি সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট দুই লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মাসুদ রানা জানান, নানা অনিয়মে দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকের কর্তৃপক্ষ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে- এমন অভিযোগে অভিযান চালানো হয়।

অভিযানে ‘সেবার মূল্য তালিকা না রাখা, রক্ত ও বিভিন্ন পরীক্ষার সরঞ্জাম সংরক্ষণ না করা এবং সেবা গ্রহীতার জীবন বিপন্নকারি কাজ করায়’ শহরের পাঁচ হাসপাতাল-ক্লিনিকের জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা উপস্থিত ছিলেন বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।