টুঙ্গিপাড়ায় ওষুধ সংরক্ষণের ফ্রিজে সবজি, ২ ফার্মেসিকে জরিমানা
দুই ফার্মেসি মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলায় ফ্রিজে সবজির সঙ্গে ওষুধ সংরক্ষণের দায়ে দুই ফার্মেসি মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে উপজেলার কুশলি ইউনিয়নের নীলফা বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।
ভ্রাম্যমাণ আদালত থেকে জানা গেছে, অভিযানের সময় নিলফা বাজারের মোল্লা ফার্মেসির ফ্রিজে ওষুধের সঙ্গে সবজি সংরক্ষণ করা হয়। এ ছাড়া বিক্রয়নিষিদ্ধ বিদেশি, নকল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ফার্মেসি মালিক হেদায়েত মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় একই বাজারের জয় ফার্মেসির মালিক পারভেজ আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে গোপালগঞ্জ ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ফজলুল হকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধের ব্যাপারে উপজেলা প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না।
