কক্সবাজারে বাস ও লেগুনার সংঘর্ষে নিহত বেড়ে ৩
এ ঘটনায় আহত লেগুনার আরও পাঁচ যাত্রী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও লেগুনা গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে; এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।
এ ঘটনায় আহত আরও পাঁচ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন।
চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক ইমন চৌধুরী জানান, শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইউনিয়নের কলাতলী জিলানী পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, হারবাং ইউনিয়নের করমুহুরীপাড়ার মৃত জানু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৪) এবং একই ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকার আবুল বশরের ছেলে মো. হামিদুল্লাহ (২৯) ও একই এলাকার লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।
আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার তথ্য জানালেও তাদের নাম ও পরিচয় নিশ্চিত করা যায়নি ।
স্থানীয়দের বরাতে ইমন চৌধুরী বলেন, সকালে কক্সবাজারমুখি বিজিবির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আমিরাবাদগামী লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অন্তত আট জন লেগুনাযাত্রী আহত হয়েছেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ছয়জনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুইজনকে নিকটবর্তী লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ সময় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও দুইজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন।
তাদের চমেক হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১টায় আহত জাহাঙ্গীর আলম মারা যান বলে জানান পরিদর্শক ইমন।
দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি পুলিশ জব্দ করেছে। এ ছাড়া আবেদনের প্রেক্ষিতে নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
