জয়পুরহাটে বাড়ি থেকে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
সকালে তার বড় ছেলে তৈয়ব আলী বাবাকে ডাকতে গিয়ে ঘরের দরজা খোলা এবং ঘরে বাবার গলাকাটা লাশ দেখতে পান।
জয়পুরহাটের কালাই উপজেলায় বাড়ি থেকে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতের কোনো এক সময় পুনট ইউনিয়নের শিক্ট গ্রামের উত্তর পাড়া এলাকায় বাড়িটির শয়ন কক্ষে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন কালাই থানার ওসি ওয়াসিম আল বারী।
নিহত ৭০ বছরের সৈয়দ আলী আকন্দ ওই গ্রামের মৃত মোরতাজ আলীর ছেলে। তিনি বাড়িতে একাই থাকতেন।
পুনট ইউপির সদস্য মোরশেদুল হক জানান, সৈয়দ আলী আকন্দের স্ত্রী আগেই মারা গেছেন। তার তিন ছেলে ও দুই মেয়ে। মেয়েদের বিয়ে হওয়ায় তারা শ্বশুর বাড়িতে থাকেন। দুই ছেলে একই গ্রামে আলাদা বাড়িতে বসবাস করেন। অপর ছেলে চাকরির কারণে ঢাকায় থাকেন।
সাবেক গ্রাম পুলিশ সদস্য আব্দুর রাজ্জাক জানান, রাতে সৈয়দ আলী আকন্দ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সকালে তার বড় ছেলে তৈয়ব আলী বাবাকে ডাকতে গিয়ে ঘরের দরজা খোলা এবং ঘরে বাবার গলাকাটা লাশ দেখতে পান। তার চিৎকারে এলাকাবাসী এসে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
ওসি ওয়াসিম জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানের পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
জিজ্ঞাসাবাদের জন্য তার দুই ছেলে ও তাদের স্ত্রীদের থানায় নেওয়া হয়েছে বলেও জানান ওসি।
