ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ছেলেটির পরিবার থেকে দায়ের করা মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদ্রাসা ছাত্রকে শারীরিক নির্যাতনের অভিযোগে উঠেছে তার এক শিক্ষকের বিরুদ্ধে।
ওই ছাত্রের পরিবারের দায়ের করা মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুদ বিন ওয়ালীকে গ্রেপ্তার করা হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান।
২২ বছর বয়সী মাসুদ সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের মাদ্রারাসায়ে কাশেমিয়া এতিমখানার শিক্ষক।
আহত দশ বছরের ছাত্র ওই মাদ্রাসাটির হেফজ বিভাগে পড়ে। তার বাড়ি একই ইউনিয়নের আহরন্দ গ্রামে।
তার বাবা বলেন, “বৃহস্পতিবার বিকালে আমার স্ত্রী ছেলেকে দেখতে মাদ্রাসা যায়। পরে ছেলে দেখা করতে আসলে তার মুখের বিভিন্ন জায়গায় আঘাতের এবং শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করার চিহ্ন দেখা যায়।”
শিক্ষকের পাশাপাশি মাদ্রাসার অন্য দুই ছাত্রও তার ছেলেকে মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি।
