নবাবগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
‘তার গলায় বৈদ্যুতিক তার পেঁচানো ছিল।’
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
নবাবগঞ্জ থানার এসআই মো. ছামিউল ইসলাম জানান, উপজেলার কৈলাইল ইউনিয়নের উত্তর কৈলাইল এলাকার একটি জমির উঁচু ভিটা থেকে শুক্রবার বেলা দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. রাজিব (১৯) ওই এলাকার মো. সেন্টু মিয়ার ছেলে।
এসআই ছামিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
“নিহতের গলায় বৈদ্যুতিক তার পেঁচানো ছিল। তার দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
মামলার প্রস্তুতিসহ ঘটনার তদন্ত চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
