২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পা নাই তো কী হইছে, আমি তো ভোটার’

এবার যারে ভোট দিছি, হে এমপি হইলে একটা চার চাক্কার গাড়ি দাবি করব- বলেন তিনি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 04:02 PM

Updated : 07 Jan 2024, 07:30 PM

কখনো হামাগুড়ি দিয়ে, কখনো বিয়ারিংয়ের চাকা লাগানো পিঁড়িতে বসে হাতে ধাক্কা দিয়ে দিয়ে ভোট দিতে কেন্দ্রে এলেন পা বিহীন হযরত আলী।

রোববার গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা মিলল শারীরিক এ প্রতিবন্ধীর।

হযরত আলীর সঙ্গে আলাপের সময় তিনি বলেন, “পা নাই তো কী হইছে? আমি তো ভোটার। অন্য মাইনষের ভোটের যেমন দাম, আমারটাও তেমন দাম।”

“তবে, পাস করার পর প্রার্থীরা আমরার খবর আর রাহে না। এইবার যারে ভোট দিছি, হে এমপি হইলে একটা চাইর চাক্কার গাড়ি দাবি করব,” বলেন আলী।

‘৩০/৩৫ বছর বয়সে এক্সিডেন্টে’ দুই পা হারানো হযরত আরও জানান, দেশের একজন নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করা তার অধিকার। তাই শারীরিক প্রতিবন্ধী হয়েও ভোট দিতে তিনি কেন্দ্রে এসেছেন।

গাজীপুর-৩ আসনে ১৮০টি কেন্দ্রের এক হাজার ৬৮টি বুথে একযোগে ভোট গ্রহণ চলছে। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৪২৭ জন।