২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় হরিণের ১৬ কেজি মাংস জব্দ, আটক ২

প্রথম জনের ব্যাগ তল্লাশি করে হরিণের পাঁচ কেজি মাংস এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপরজনের বাড়িতে অভিযান চালিয়ে ১১ কেজি মাংস জব্দ করে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 09:55 PM

Updated : 23 Jun 2023, 09:55 PM

খুলনার কয়রা উপজেলায় হরিণের ১৬ কেজি মাংসসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে কয়রা সদর ইউনিয়নের কয়রা গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কাশিয়াবাদ পুলিশ ক্যাম্পের পরিদর্শক মেহেদী হাসান।

আটকরা হলেন- ওই গ্রামের প্রয়াত মেছের গাজীর ছেলে কাঠমিস্ত্রি রাজু হোসেন (৩৫) এবং দেয়াড়া গ্রামের আবদুল হালিম ফকিরের ছেলে মো. রোকনুজ্জামান (২৩)।

পরিদর্শক মেহেদী বলেন, রোকনুজ্জামান হরিণের মাংস কিনে স্কুলব্যাগে করে কয়রা গ্রাম থেকে উপজেলার ঝিলিয়াঘাটায় যাচ্ছিলেন। পথে কাশিয়াবাদ পুলিশ ক্যাম্পের একটি দল তার ব্যাগ তল্লাশি করে হরিণের পাঁচ কেজি মাংস জব্দ করে।

“পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কয়রা গ্রামের রাজুর বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে রাজুর বাড়ি তল্লাশি করে হরিণের ১১ কেজি মাংস পাওয়া যায়।”

কয়রা থানার ওসি এ বি এম এস দোহা বলেন, আটক দুজনের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দ করা মাংসসহ তাদের আদালতে পাঠানো হবে।

শিকারি চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।