১০ দফা দাবিতে জয়দেবপুর জংশনে ট্রেন আটকে বিক্ষোভ
গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন নামের একটি সংগঠন এই কর্মসূচি পালন করে।
ট্রেন আটকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন নামের একটি সংগঠন।
বুধবার সকালে এ বিক্ষোভ কর্মসূচির কারণে একাধিক ট্রেন এক ঘণ্টা আটকা থাকে বলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান।
তিনি বলেন, সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলে। এতে জয়দেবপুর স্টেশনে থাকা রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ও আউটার সিগন্যালে ঢাকাগামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেন দুটি আটকা পড়ে। উভয়দিকে ট্রেন চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভকারীদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে- মাসিক টিকেট ব্যবস্থা পুনরায় চালু করা, জয়দেবপুর ও টঙ্গী জংশনসহ তেজগাঁও স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, তুরাগ ও টাঙ্গাইল কমিউটার ট্রেনের বগি ও আসন সংখ্যা বাড়ানো, জয়দেবপুর-টঙ্গী ডাবল লাইন ও গাজীপুর-ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চালু, জয়দেবপুর স্টেশনের উন্নয়ন এবং রেলগেইটের সমস্যা দূর করা।
গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার সামসুল হক খান বলেন, “সমস্যাগুলো সমাধানে দীর্ঘদিন ধরে রেলওয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেলপথ মন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। প্রতিবারই সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই শান্তিপূর্ণ অবস্থান নিয়ে দাবিগুলো জানানো হয়েছে।”
কর্মসূচিতে উত্তরবঙ্গ কল্যাণ সমিতি ও পূর্বাঞ্চল ঐক্য পরিষদ নামে আরও দুটি সংগঠন সংহতি প্রকাশ করে।
