ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ডোবায় মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় চালককে খুন করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার কামারিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের একটি ডোবা থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মো. আবুল খায়ের।
নিহত আব্দুল খালেক মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চাইনামোড় এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে। ৫৫ বছরের খালেক কামারিয়া ইউনিয়নের চর ফরিদপুর গ্রামে বিয়ে করে শ্বশুরবাড়িতে বাস করতেন।
তারাকান্দা থানার ওসি খায়ের বলেন, আব্দুল খালেক বুধবার বিকালে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতেও অটোরিকশা চালাচ্ছিলেন।
ধারণা করা হচ্ছে, ভোর রাতের দিকে ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ পূর্বপাড়া গ্রামের ডোবায় ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে গেছে।
সকালে স্থানীয়রা ডোবায় মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
