সিরাজগঞ্জে সেতুর রেলিং ভেঙে ঝুলে থাকা ট্রাক ৫ ঘণ্টা পর উদ্ধার
চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও দশ টন ট্রাকে আরও দশ টন মালামাল থাকায় রেকার দিয়ে টেনে সেটি উদ্ধার করা সম্ভব হচ্ছিল না।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিয়ন্ত্রণহারা এক ট্রাক ধোপাকান্দি সেতুর রেলিং ভেঙে পাঁচ ঘণ্টা ঝুলে থাকার পর সেটি সরানো হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, বুধবার রাত ১১টার দিকে ওই দুর্ঘটনার পর সেতুর ওই লেইন দিয়ে ঢাকা ও উত্তরাঞ্চলের পথে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ভোর ৪টার দিকে ট্রাকটি সরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
ঢাকাগামী ট্রাকটি হাটিকুমরুল গোলচত্বর এলাকার ধোপাকান্দি সেতু পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তাতে ট্রাকটি রেলিং ভেঙে সেতু থেকে অর্ধেক বেরিয়ে গিয়ে বিপজ্জনকভাবে ঝুলে থাকে।
ওসি বদরুল বলেন, দুর্ঘটনার পরপরই গাড়ির ভেতর থেকে চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু দশ টন ওজনের ট্রাকটিতে আরও দশ টন মালামাল থাকায় রেকার দিয়ে টেনে সেটি উদ্ধার করা সম্ভব হচ্ছিল না।
পরে চেইন কপ্পা (পুলি) দিয়ে গাড়ি আটকে রেখে ধীরে ধীরে মালামাল নামিয়ে ট্রাক হালকা করা হয়। পরে সেটি সেতুর উপরে সরিয়ে আনা সম্ভব হয়।
এই পুরোটা সময় সেতুর একটি লেইন বন্ধ থাকায় ঢাকা ও উত্তরাঞ্চলের ১৬ জেলার মধ্যে চলাচলকারী যানবহনের চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন। সেতুর দুপাশে গাড়ির লাইন পড়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন ওসি।
