২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নওগাঁয় পলাতক জেএমবি নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার এড়াতে আরিফ বারবার স্থান পরিবর্তন করায় তার অবস্থান শনাক্ত করা যাচ্ছিল না।

নওগাঁয় পলাতক জেএমবি নেতা গ্রেপ্তার

মো. আরিফ হোসেন

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2023, 12:45 AM

Updated : 27 Jul 2023, 12:45 AM

নওগাঁ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব; তার বিরুদ্ধে আদালতের পরোয়ানা রয়েছে। 

বুধবার সাপাহার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আরিফ হোসেন (২৭)। তার বাড়ি নওগাঁর সাপাহারেই।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামি আরিফ হোসেন জেএমবির শীর্ষ নেতা এবং দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য। ২০১৭ সালের ২২ জুলাই সহযোগীদের নিয়ে রাজধানীর মোহাম্মাদপুর থানা এলাকায় গোপন বৈঠকে বসেন। যার উদ্দেশ্য ছিল নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করা। 

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আরিফ পালিয়ে গেলেও মো. সোহাইব শেখ ও মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলাও হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরিফকে গ্রেপ্তার করা হলেও তিনি জামিনে মুক্ত হন। 

জামিনের পর পালিয়ে গেলে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল আরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিন্তু গ্রেপ্তার এড়াতে আরিফ বারবার অবস্থান পরিবর্তন করায় তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। 

অবশেষে সাপাহারে তার অবস্থান শনাক্ত হয়। দুইদিনের টানা অভিযানের পর বুধবার আরিফকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব-৫ এর একটি দল। পরে তাকে সাপাহার থানায় হস্তান্তর করে র‌্যাব।