সিলেটে সড়কে অবরোধ চেষ্টায় আটক ১, ছাড়েনি দূরপাল্লার বাস
নগরীতে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে।
অবরোধ কর্মসূচির শেষদিনে দক্ষিণ সুরমায় আগুন জ্বালিয়ে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক অবরোধ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। অন্যদিকে সিলেট-ঢাকা মহাসড়কে নাশকতার চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের এই অবরোধে বৃহস্পতিবার সকালে সিলেট থেকে দূরপাল্লার বাস না ছাড়লেও নগরীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, সকাল সাড়ে ৭টার দিকে নাজিরবাজার এলাকার পীরবাড়ির রাস্তার মুখে সিলেট-ঢাকা মহাসড়কে ১৫-২০ জন ছাত্রদল-যুবদল নেতাকর্মী টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টার খবর পাওয়া যায়। দ্রুত পুলিশ সেখানে গেলে নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে চলে যান।
তিনি বলেন, ''নাজিরবাজার ও রশিদপুরের মধ্যবর্তী ওই স্থানে জানমালের ক্ষতি করার আগেই একজনকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি বিএনপির কর্মী কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে।”
এদিন সকাল সাড়ে ৭টার পরে দক্ষিণ সুরমা উপজেলার মোলারগাঁও এলাকার সুনামগঞ্জ বাইপাস সড়কে আগুন জ্বালিয়ে বিএনপির নেতা-কর্মীরা অবরোধ করার চেষ্টা করেন বলেও জানিয়েছেন ওসি মো. শামসুদ্দোহা।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আমাদের নেতা-কর্মীরা সকালে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন। সরকারি দল ও পুলিশের হামলা-গ্রেপ্তারের মধ্যেই কর্মসূচি পালনে মাঠে রয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।”
সিলেটে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি চলছে বলে দাবি করেন তিনি।
এদিকে, বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, সুবিদবাজার ও মদিনা মার্কেট এলাকায় ঘুরে দেখা গেছে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীতে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে।
তবে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল।
যাত্রী সংকটে দূরপাল্লার বাস বন্ধ জানিয়ে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, অবরোধ কর্মসূচির কারণে যাত্রীরা কাউন্টারে আসেননি। তবে শহরের ভেতরে বিভিন্ন যানবাহন চলাচল করছে।
ওসি মো. শামসুদ্দোহা বলেন, “আমরা মানুষের সার্বিক নিরাপত্তায় রাত-দিন মাঠে আছি। কেউ নাশকতার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তা ঠেকিয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।''
