খুঁটিতে ধাক্কায় মোটরসাইকেল চুরমার, নিহত ২ আরোহী
রাস্তার পাশের নিরাপত্তা খুঁটিতে ধাক্কা লেগে দুই যুবক পড়ে যান; মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
কুমিল্লার লাকসামে রাস্তার মোড়ে খুঁটিতে ধাক্কা লেগে চুরমার হওয়া এক মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার রাত ৯টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া মোড়ে এই ঘটনা ঘটে বলে জানান লালমাই হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক লালমাই উপজেলার আলিশ্বর গ্রামের প্রয়াত জহরলাল সিংহের ছেলে শাওন সিংহ (২৫) ও একই গ্রামের শুক্রধন সিংহের ছেলে চয়ন সিংহ (২৪)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই ফারুক হোসেন জানান, রাত ৯টার দিকে লাকসাম জংশন থেকে পাশের লালমাই উপজেলার আলিশ্বর গ্রামের বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক।
“লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া মোড়ে পৌঁছালে রাস্তার পাশে থাকা নিরাপত্তা খুঁটিতে ধাক্কা লেগে দুই যুবক পড়ে যান। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।”
আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাকবলিত মোটর সাইকেল ও নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে এসআই ফারুক জানান।
