২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন বৃদ্ধা ও শিক্ষক

জয়পুরহাটের পাঁচবিবিতে জমিতে পড়ে থাকা তারে জড়িয়ে বৃদ্ধা এবং কুড়িগ্রামের উলিপুরে সিলিং ফ্যান মেরামতের সময় শিক্ষকের মৃত্যু।

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন বৃদ্ধা ও শিক্ষক

জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত বৃদ্ধার মরদেহ ঘিরে উৎসুক জনতার ভিড়।

জয়পুরহাট প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2023, 07:33 PM

Updated : 04 Aug 2023, 07:33 PM

বিদ্যুৎস্পৃষ্টে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক বৃদ্ধা এবং কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এক স্কুলশিক্ষক মারা গেছেন।

শুক্রবার দুপুরে পাঁচবিবির রহমতপুর গ্রামে এবং উলিপুরের হা‌তিয়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে। 

স্থানীয়দের বরাতে পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, দুপুরে বৈদ্যুতিক মটরের সাহায্যে নদীর পানি সেচে মাছ ধরার জন্য গ্রামের কয়েক যুবক একটি বাড়ি থেকে অবৈধভাবে বিদ্যুতের তার টানেন। 

এ সময় দেলোয়ারা বেগম নদীর পাড় থেকে ছাগল নিয়ে ফেরার পথে সেই তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান বলে তিনি জানান। 

পুলিশ জানায়, মাছ ধরা যুবকরা মৃতদেহ রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পরিবার লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। 

নিহত ৬০ বছর বয়সি দেলোয়ারা উপজেলার রহমতপুর গ্রামের আজাহারের স্ত্রী। 

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া কথা জানান পরিদর্শক হাবিবুর। 

Image

নিহত আজম আলী।

এদিকে কু‌ড়িগ্রামের উলিপুর উপজেলায় সিলিং ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে এক‌ স্কুলশিক্ষকের মৃত্যু হ‌য়ে‌ছে।

নিহত আজম আলী (৫৩) উপজেলার হাতিয়া ইউনিয়নের হাজির বাজার এলাকার বাসিন্দা। তিনি পার্শ্ববর্তী চিলমারী উপজেলার থানাহাট এ ইউ সরকা‌রি উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকারী শিক্ষক ছি‌লেন।

হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বলেন, আজম আলী শিক্ষকতার পাশাপা‌শি বিদ্যুতের কাজ করতেন। শুক্রবার স্কুল বন্ধ থাকায় নিজ বাড়িতে সি‌লিং ফ‌্যান মেরামত করছিলেন তিনি।

এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনি। গুরুতর অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শিক্ষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে বলে জানান উলিপুর থানার ও‌সি গোলাম মর্তুজা।