‘পড়া দিতে না পারায়’ ছাত্রকে পিটিয়ে জখম, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
বাসার কাজ করে নিয়ে না যাওয়ায় শিশুটিকে বেত দিয়ে বেধড়ক পেটান সজিব।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পড়া দিতে না পারায় এক শিশুকে পিটিয়ে জখমের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী শিশুর বড় ভাইয়ের করা মামলায় বৃহস্পতিবার সকালে শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান।
গ্রেপ্তার মমিনুল ইসলাম সজিব (৩০) উপজেলার হারদী ইউনিয়নের চরযাদবপুর গ্রামের মুন্সি রফিকুল ইসলামের ছেলে।
আলমডাঙ্গা থানার এসআই আমিনুল হক বলেন, মঙ্গলবার সকালে ৭ বছর বয়সি ওই শিশুটি দারুল আকরাম নুরানি মাদ্রাসায় যায়। বাসার কাজ করে নিয়ে না যাওয়ায় শিশুটিকে বেত দিয়ে বেধড়ক পেটান সজিব। এতে শিশুটির পিঠে মারাত্মক জখম হয়।
পরে বাড়ি গিয়ে বিষয়টি পরিবারকে জানালে বিকালে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির বড় ভাই।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
