২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুলিশের ধাওয়ায় মৃত্যু: ৪ সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহানকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের কমিটি এরই মধ্যে তদন্ত শুরু করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 10:13 AM

Updated : 15 Jul 2023, 10:13 AM

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের ধাওয়ায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

এছাড়া গৌরনদী মডেল থানার এক উপ-পরিদর্শকসহ তিন কনস্টেবলকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শুক্রবারই তারা বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত হয়েছেন বলে জানিয়েছেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী।

প্রত্যাহার করে নেওয়া পুলিশ সদস্যরা হলেন, গৌরনদী মডেল থানার এসআই আব্দুল হক সিকদার, কনস্টেবল ইসমাইল হোসেন, তরিকুল ইসলাম এবং পিকআপ চালক জিহাদ হোসেন।

মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকসী গ্রামে চায়ের দোকানের পেছনের পুকুর পাড়ে তাস খেলছিলেন স্থানীয় কয়েকজন। ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাস খেলার দৃশ্য দেখে সংশ্লিষ্টদের ধাওয়া দেয় গৌরনদী মডেল থানার একটি দল।

পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে ওই গ্রামের বাসিন্দা কুয়েত প্রবাসী রফিক হাওলাদার (৪৫) অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রফিক উত্তর ভাল্লুকসী গ্রামের মন্নাত হাওলাদারের ছেলে। কিছুদিন আগেই ছুটিতে কুয়েত থেকে দেশে ফিরেছিলেন তিনি।

প্রবাসীর মৃত্যুর পর পুলিশদের বিচার দাবী করে বিক্ষোভ করেন স্থানীয়রা।

অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী জানান, এ ঘটনায় বৃহস্পতিবার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় এসআইসহ চার পুলিশ সদস্যকে বরিশাল পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। শুক্রবারই তারা গৌরনদী মডেল থানা ত্যাগ করেছেন।

তিনি বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি এরই মধ্যে তদন্ত শুরু করেছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় শাকিল সরদার জানান,  আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের নিজাম উদ্দিন ফকিরের চায়ের দোকানের পেছনের পরিত্যক্ত পুকুর পাড়ে বসে মঙ্গলবার দুপুরে তাস খেলছিলেন স্থানীয় ইকবাল মৃধা, আলামিন মৃধা, জামাল মৃধা ও ফরিদ মৃধা।

ওই সময় ওই পথ দিয়ে ভাল্লুকসী বাজারে যাচ্ছিলেন গৌরনদী মডেল এসআই আব্দুল হক সিকদারসহ টহল পুলিশের একটি দল।

তাস খেলতে দেখে পুলিশ গাড়ি থামিয়ে সংশ্লিষ্টদের ধাওয়া করে। আতংকিত হয়ে খেলোয়াড়রাসহ উপস্থিত দর্শকরাও পুলিশের ভয়ে পালাতে চেষ্টা করে। সবাই পালিয়ে গেলে রফিক হাওলাদার দৌড়ে পাট ক্ষেত ও রাস্তা অতিক্রম করে কাজী মন্নানের বাড়িতে গিয়ে অচেতন হয়ে পড়েন।

তাকে বিকেল সাড়ে ৪টার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।