২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ‘অপহরণ চক্রের’ সাত সদস্য আটক, যুবক উদ্ধার

অপহরণকারীরা আব্দুর রহিমকে অজ্ঞাত স্থানে নিয়ে যান এবং বিকাশ নম্বর দিয়ে বাড়ি থেকে টাকা পাঠানোর কথা বলতে বলেন।

টাঙ্গাইলে ‘অপহরণ চক্রের’ সাত সদস্য আটক, যুবক উদ্ধার

অপহরণের অভিযোগে র‌্যাবের হাতে আটক সাতজন

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 11:22 PM

Updated : 05 Sep 2022, 11:22 PM

টাঙ্গাইলে অপহরণ চক্রের সদস্য সন্দেহে সাত জনকে আটক ও এক ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার ভোরে সদর উপজেলার হাটখোলা ও সাহাপাড়া থেকে ওই অভিযান চালানো হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উদ্ধার হওয়া আব্দুর রহিম (৪০) পেশায় রাজমিস্ত্রির সহকারী।

আটকরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রতনগঞ্জের আব্দুল মান্নানের ছেলে জামিল হোসেন সাগর (২৪), সদরের আদি টাঙ্গাইলের হাবিবুর রহমানের ছেলে শাকিল আহম্মেদ হৃদয় (২৭), আলমগীর হোসেনের ছেলে লাবিব খান (১৮), ফজলুল হকের ছেলে রাকিবুল ইসলাম (২২), গাড়াইলের আবু তাহেরের ছেলে হৃদয় আহম্মেদ (২২), সখিপুর উপজেলারের এবাদত হোসেনের ছেলে বাঁধন (১৯) ও মোস্তফা কামালের ছেলে রাব্বি খান (১৮)।

আটকদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার চাকু, একটি রশি, একটি গামছা, চারটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, দুটি ঘড়ি, তিনটি মোটরসাইকেল ও ১১ হাজার ৩০ টাকা জব্দ করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

Image

র‌্যাবের অভিযানে জব্দ তিনটি মোটরসাইকেল

টাঙ্গাইলের র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুর রহিম কাজের সন্ধানে টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ড এলাকায় যান। সেখানে একজন অপরিচিত ব্যক্তি রাজমিস্ত্রির কাজের কথা বলে রহিমকে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের একটি বাসায় নিয়ে যান। ওই বাসায় আগে থেকে অবস্থান নেওয়া ছয় অপহরণকারী ভয়ভীতি ও মারধর করে আব্দুর রহিমের কাছে থাকা তিন হাজার টাকা ছিনিয়ে নেন। আরও এক লাখ ২০ হাজার টাকা বাড়ি থেকে এনে না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

তারপর অপহরণকারীরা আব্দুর রহিমকে মোটরসাইকেল তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান এবং দুটি বিকাশ নম্বর দিয়ে টাকা পাঠানোর জন্য বাড়িতে ফোন দিতে বলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রহিম তার ছোট ভাই আব্দুর রাজ্জাককে ফোন দেন। রাজ্জাক ফোন পেয়ে টাঙ্গাইলের র‌্যাব-১২, সিপিসি-৩ বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে র‌্যাব তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সদর থানার সাহাপাড়া এলাকার দিলীপ অটোরাইস মিলের বাউন্ডারির ভেতরে থেকে হাত ও চোখ বাঁধা অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে।

পরে রহিম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি অপহরণ মামলা করেন।