বরিশালে বিএনপির সমাবেশ শুরু, মঞ্চে খালি দুই চেয়ার
সমাবেশের সময় এগিয়ে এনে দ্রুত শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাংগঠনিক সম্পাদক অ্যাড. বিলকিস জাহান শিরীন
অন্যান্য বিভাগীয় শহরের সমাবেশের মতো বরিশালের সমাবেশেও মঞ্চে দুইটি চেয়ার খালি রেখে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় সমাবেশ।
শনিবার সাতটা থেকেই বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আসতে শুরু করেন। যদিও বৃহস্পতিবার রাত থেকেই সমাবেশস্থলে রাতযাপন শুরু করেছিলেন অনেক নেতা-কর্মী।
বেলা বাড়ার সাথে সাথে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে নেতা-কর্মীরা আশে-পাশের সড়কে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদকর্মী মো. হেলালউদ্দীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টায় সমাবেশ শুরু হয়েছে। প্রথমে কোরআন থেকে তেলওয়াত করা হয়। পরে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
সেইসঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন শেষে জেলা-উপজেলা থেকে আসা নেতৃবৃন্দের বক্তব্য দেওয়া শুরু হয়েছে।
এদিকে বেলা ১টায় রিপোর্ট লেখা পর্যন্ত প্রধান অতিথিসহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ মঞ্চে আসেনি। তবে সভামঞ্চের মাঝের দুইটি চেয়ার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য খালি রাখা হয়েছে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. বিলকিস জাহান শিরীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের কোনো বাধাই কাজে আসেনি। মাঠ নেতা-কর্মীসহ সাধারণ মানুষে পরিপূর্ণ হয়ে গেছে। সাধারণ মানুষ ও নেতা- কর্মীরা হেটে, ভ্যান, রিকশা চড়ে, ট্রলার, নৌকা, মাছ ধরা নৌকা ও লঞ্চে সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন।”
তিনি বলেন, “মাঠ পরিপূর্ণ হওয়ায় সমাবেশের সময় এগিয়ে এনে দ্রুত সমাবেশ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। নেতা-কর্মীরা দিনের আলোতে যেন ফিরে যেতে পারে, সেই জন্য।”
এদিকে, বরিশালে খেয়া পারাপারের ট্রলার, লঞ্চ, বাস, মাইক্রোবাস, মাহিন্দ্র টেম্পু, সিএনজি চলাচলে ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। এতে সমাবেশে আগত নেতা-কর্মীদের সঙ্গে সঙ্গে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষও।
